পারিবারিক বন্ধন দৃঢ় করতে সালামের গুরুত্ব

আরবি ‘সালাম’ শব্দের অর্থ হলো শান্তি, কল্যাণ ও দোয়া। পারস্পরিক সালাম বিনিময়ের মাধ্যমে একে অপরের প্রতি সম্মান ও শ্রদ্ধা তৈরি হয়, অন্তর থেকে হিংসা ও বিদ্বেষ দূর হয় এবং মানুষের মাঝে হৃদ্যতা ও ভালোবাসার এক সুদৃঢ় সেতুবন্ধ গড়ে ওঠে।
দৈনন্দিন জীবনে সাক্ষাৎকালে পরস্পরের মাঝে সালাম বিনিময়ের গুরুত্ব অপরিসীম। হাদিস শরিফে সালামের যে গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয়েছে, তা থেকে এর গভীরতা উপলব্ধি করা যায়। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন—রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘তোমরা ইমানদার না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না; আর যতক্ষণ না তোমাদের পারস্পরিক ভালোবাসা গড়ে উঠবে, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ইমানদার হতে পারবে না। আমি কি তোমাদের এমন একটি কাজের কথা বলে দেব না, যা করলে তোমরা একে অপরকে ভালোবাসতে পারবে? (তা হচ্ছে) তোমরা নিজেদের মাঝে সালামের প্রচার ও প্রসার ঘটাও।’ (রিয়াজুস সালেহিন: ৮৫২)

