বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেন
বিজ্ঞাপন

মাঠের পাঠশালায় বদলে যাচ্ছে কৃষির চিত্র

নিজস্ব প্রতিবেদক০৭ নভেম্বর ২০২৬, ০৮:৪০ এএম
মাঠের পাঠশালায় বদলে যাচ্ছে কৃষির চিত্র

কৃষির মাঠই তাদের শ্রেণিকক্ষ, কৃষক-কৃষাণীরাই শিক্ষার্থী। কারও হাতে বই-খাতা নেই, তবে চোখেমুখে রয়েছে নতুন কিছু শেখার আগ্রহ। কেউ শিখছেন নিরাপদ খাদ্য উৎপাদনের কৌশল, কেউ পুষ্টি বাগান গড়ে তোলার পদ্ধতি, আবার কেউ জানছেন অল্প খরচে অধিক ফলন পাওয়ার আধুনিক প্রযুক্তি। প্রচলিত শিক্ষাপ্রতিষ্ঠানের চার দেয়ালের বাইরে খোলা মাঠেই চলছে কৃষির এমন ব্যতিক্রমী পাঠশালা ‘পার্টনার ফিল্ড স্কুল’।

ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের বানিয়াকান্দর গ্রামে সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে পরিচালিত হচ্ছে এ কার্যক্রম। এখানে বয়সের কোনো বাধা নেই, নেই আনুষ্ঠানিকতার কড়াকড়ি। কৃষকের দীর্ঘদিনের অভিজ্ঞতার সঙ্গে আধুনিক কৃষিপ্রযুক্তির সমন্বয় ঘটিয়ে চাষাবাদকে আরও আধুনিক, পুষ্টিসমৃদ্ধ ও পরিবেশবান্ধব করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

সম্প্রতি আয়োজিত এ কার্যক্রমে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা, পাগলাকানাই ইউনিয়নের বানিয়াকান্দর ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা শাহানারা খাতুন, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সী প্রান্তিক কৃষক-কৃষাণীরা।

পাঠদানের পাশাপাশি চলে প্রশ্নোত্তর, আলোচনা ও হাতে-কলমে শেখার কার্যক্রম। প্রশিক্ষকের প্রশ্নের উত্তরে কৃষক-কৃষাণীরা তুলে ধরেন নিজেদের দীর্ঘদিনের অভিজ্ঞতা। কোনো বিষয়ে ভুল থাকলে তা সংশোধন করে দেওয়া হয়, আর সঠিক উত্তর দিতে পারলে বাড়ে তাদের আগ্রহ ও আত্মবিশ্বাস। ফলে প্রচলিত প্রশিক্ষণের বাইরে এক অংশগ্রহণমূলক শিক্ষার পরিবেশ তৈরি হয়েছে এই মাঠের পাঠশালায়।

এখানে কৃষিশিক্ষা শুধু ফসল উৎপাদনের মধ্যেই সীমাবদ্ধ নয়। শেখানো হচ্ছে পুষ্টি উন্নয়ন, নিরাপদ খাদ্য উৎপাদন, পরিবেশবান্ধব চাষাবাদ, মাটির স্বাস্থ্য রক্ষা এবং কৃষিকে ঘিরে উদ্যোক্তা হওয়ার নানা কৌশল। এর মাধ্যমে কৃষিকাজের পাশাপাশি পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ ও বাড়তি আয়ের পথও খুঁজে পাচ্ছেন অংশগ্রহণকারীরা।

প্রশিক্ষণ থেকে পাওয়া জ্ঞান কাজে লাগিয়ে অনেক কৃষাণী বাড়ির আঙিনায় গড়ে তুলেছেন বিভিন্ন ধরনের সবজিবাগান। এতে পরিবারের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি সবজিও পাওয়া যাচ্ছে। অন্যদিকে আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে চাষাবাদ করে সীমিত খরচে ভালো ফলন পাচ্ছেন কৃষকেরা। ফলে উৎপাদন খরচ কমানোর পাশাপাশি বাড়ছে লাভের সম্ভাবনাও।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...