সিজারের পর যমজ সন্তানের একটি নিখোঁজ, ক্লিনিকের ওয়ার্ডবয় আটক

নওগাঁ শহরের একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অস্ত্রোপচারের পর যমজ নবজাতকের একটি নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্লিনিকটির এক ওয়ার্ডবয়কে আটক করেছে পুলিশ। এদিকে ঘটনার পর ক্লিনিকের মালিক ও সংশ্লিষ্ট চিকিৎসকেরা আত্মগোপনে রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে নওগাঁ সদর থানা পুলিশ ওয়ার্ডবয় মো. জিহাদকে আটকের বিষয়টি নিশ্চিত করে।
এর আগে, গত বৃহস্পতিবা (৫ নভেম্বর) নওগাঁ শহরের বেসরকারি বলাকা ক্লিনিকে শান্তনা নামের এক প্রসূতির সিজারিয়ান অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর অপারেশন থিয়েটার (ওটি) থেকে তার পরিবারের কাছে একটি কন্যাশিশু হস্তান্তর করা হয়। তবে যমজ সন্তানের অপর শিশুটিকে না পেয়ে স্বজনেরা উদ্বিগ্ন হয়ে পড়েন। এ সময় ক্লিনিকে কান্নাকাটি ও হইচই শুরু হয়।
ভুক্তভোগী পরিবারের দাবি, গর্ভাবস্থায় শান্তনার শারীরিক অবস্থা ও গর্ভস্থ সন্তানের সংখ্যা নিশ্চিত করতে তাকে শহরের রি-লাইফ ডায়াগনস্টিক সেন্টারে আলট্রাসনোগ্রাফি করানো হয়েছিল। আট মাসের মাথায় করা ওই পরীক্ষার প্রতিবেদনে তার গর্ভে দুটি সন্তান—একটি ছেলে ও একটি মেয়ে—থাকার কথা উল্লেখ ছিল।

