বিএনপি নেতার তোরণে ট্রাকের ধাক্কা, চালককে পিটিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ

ট্রাকচালক মহাসিন প্রামাণিকের অভিযোগ, ঘটনার পর তোরণের আশপাশে থাকা বিএনপি নেতাকর্মী ও সমর্থকেরা ক্ষুব্ধ হয়ে ট্রাকটি থামান। পরে তাকে বাঁশের লাঠি দিয়ে মারধর করা হয়। এতে তার একটি হাত ভেঙে যায়। এসময় তার কাছে থাকা নগদ সাড়ে চার হাজার টাকাও ছিনিয়ে নেওয়া হয়। বর্তমানে তিনি ঢাকার রাজাপুর এলাকার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে বিএনপি নেতা রফিকুল ইসলাম নয়ন এশিয়া পোস্টকে বলেন, ব্যক্তিগত কাজে তিনি বাইরে রয়েছেন। তবে নেতাকর্মীদের কাছ থেকে ঘটনার বিষয়ে জানতে পেরেছেন। তার দাবি, বেপরোয়া গতিতে আসা ট্রাকটি তোরণে ধাক্কা দিলে সেখানে কাজ করা চারজন শ্রমিক আহত হন। এ ঘটনায় স্থানীয় নেতাকর্মীরা উত্তেজিত হয়ে ট্রাকচালককে হালকা মারধর করেন। পরে ট্রাকচালক স্বেচ্ছায় শ্রমিকদের চিকিৎসার জন্য চার হাজার টাকা দিয়েছেন। বিষয়টি সমাধানের জন্য ট্রাকচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান এশিয়া পোস্টকে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

