চন্দনাইশে নির্যাতনের অভিযোগে যুবকের মৃত্যু, স্ত্রীসহ গ্রেপ্তার ৩

নিহতের পরিবারের অভিযোগ, দেশে ফেরার পর সম্পদ ও পারিবারিক নানা বিষয় নিয়ে হাশেমের সঙ্গে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরোধ শুরু হয়। বিরোধের জেরে তাঁর ওপর নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। গত মাসেও তাঁকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল বলে পরিবারের অভিযোগ।
পরিবারের সদস্যদের আরও অভিযোগ, বুধবার রাতে শ্বশুরবাড়িতে স্ত্রী ও কয়েকজন মিলে হাশেমকে মারধর করেন এবং তাঁর ডান পা ভেঙে দেন।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. দিদারুল ইসলাম সিকদার বলেন, প্রাথমিক তদন্তে সম্পৃক্ততার তথ্য পেয়ে প্রথমে নিহতের স্ত্রী আয়শা আক্তারকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়। পরে তাঁর নেতৃত্বে পুলিশের একটি দল শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত চন্দনাইশের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এজাহারভুক্ত অপর দুই আসামি নাজিম উদ্দিন ও ফোরকান আহমদকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার দুই আসামিকে আজ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা। হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

