হাতকড়াসহ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় আটক ৭

ঝালকাঠির নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ। তবে এখনো পলাতক রয়েছেন ছিনিয়ে নেওয়া ছাত্রলীগ নেতা ও ইউপি সদস্য মো. সিরাজ মোল্লা।
রোববার (৮ নভেম্বর) দুপুরে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিকেলে ও রাতে দপদপিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হামলায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ইউপি সদস্য মো. সিরাজ মোল্লাকে আটক করে পুলিশ। পরে তাকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় তার পরিবারের সদস্য ও সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ সিরাজ মোল্লাকে ছিনিয়ে নেওয়া হয়। এ সময় পুলিশের একটি সরকারি গাড়িও ভাঙচুর করা হয়। হামলায় নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) কয়েকজন পুলিশ সদস্য আহত হন। ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে বিকেলে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে সাতজনকে আটক করে পুলিশ।

