শ্রমিক অসন্তোষের ঘটনায় আশুলিয়ায় ১১ মামলায় আসামি ৩৬০০

এদিকে টানা আন্দোলনের পর অধিকাংশ কারখানায় উৎপাদন শুরু হলেও কয়েকটি কারখানায় অসন্তোষের রেশ রয়ে গেছে। অষ্টম দিনের মতো কর্মবিরতি পালন করছেন ‘নিউএজ’ ও ‘এস-২১’সহ ৭টি পোশাক কারখানার শ্রমিকরা। তবে এই সাতটি কারখানা ছাড়া আশুলিয়ার সিংহভাগ তৈরি পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দেওয়ায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে।
শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। আশুলিয়ার বাইপাইল, ডিইপিজেড, নরসিংহপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), শিল্প পুলিশ ও থানা পুলিশ। সড়কে নিয়মিত টহল দিচ্ছে যৌথবাহিনী।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি বর্তমানে শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলজুড়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
সাভার ও আশুলিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তরিকুল ইসলাম জানান, সামগ্রিকভাবে শিল্পাঞ্চলের পরিস্থিতি এখন পুরোপুরি স্বাভাবিক। শ্রমিকরা সরকারের নির্দেশনা ও পুলিশের সাথে আলোচনা মেনে শান্তিশৃঙ্খলা বজায় রেখে কাজে ফিরেছেন। শত শত কারখানার মধ্যে হাতে গোনা দু-একটি কারখানা বন্ধ বা কর্মবিরতি থাকতে পারে, তবে আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টিতে সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ ও স্বাভাবিক রয়েছে।

