বাড়ির গেটের সামনে ওত পেতে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী

কুষ্টিয়া শহরের থানা পাড়ায় দীর্ঘদিনের উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাড়ির গেটের সামনে ওত পেতে জাকিয়া সুলতানা (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। আরেক স্কুলছাত্র ইমনের বিরুদ্ধে এ অভিযোগ ওঠে।
সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে থানা পাড়ায় কিচেন ক্লাবের কাছে ওই শিক্ষার্থীর ভাড়া বাসার সামনে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দুপুর ১টা ৪০ মিনিটে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
আহত জাকিয়া সুলতানা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার জাকারিয়ার মেয়ে। সে কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা একটি বেসরকারি ওষুধ কোম্পানিতে চাকরি করার সুবাদে পরিবারটি কুষ্টিয়া শহরের থানা পাড়ায় ভাড়া বাসায় বসবাস করে।
পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে স্কুল ছুটির পর বাড়িতে ফেরে জাকিয়া। এসময় বাসার সামনে দাঁড়িয়ে গেট খোলার অপেক্ষা করছিল সে। হঠাৎ কালো শার্ট পরিহিত ইমন গিয়ে ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করে। জাকিয়ার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে গেলে ছুরিটি ফেলে পালিয়ে যায় অভিযুক্ত ইমন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

