সীমান্ত দিয়ে ঢুকে গোপন বৈঠক করে ভারতে ফিরলেন আ.লীগের সাবেক এমপি

গত সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টা ৪৯ মিনিটে রনজিত সরকার তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ৫ মিনিট ৩৩ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করার পর বিষয়টি প্রকাশ্যে আসে। ভিডিওতে দেখা যায়, তিনি নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিচ্ছেন। ব্যানারে লেখা ছিল, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। দেশরত্ন শেখ হাসিনার প্রত্যাবর্তন উপলক্ষে মতবিনিময় সভা। অতিথি অ্যাডভোকেট রনজিত সরকার।’ আয়োজক হিসেবে তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নাম উল্লেখ রয়েছে।
৫ আগস্টের পর থেকে আত্মগোপনে থাকা সাবেক এই সংসদ সদস্য ভিডিওতে অভিযোগ করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর নির্যাতন ও গ্রেপ্তার চালানো হচ্ছে। আগামী ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের ঘোষণার কথা উল্লেখ করে তিনি নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে দলীয় কর্মসূচিতে যুক্ত থাকার নির্দেশনা দিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের প্রস্তুতি নিতে বলেন।
ভিডিওতে উপস্থিত ব্যক্তিদের মধ্যে জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা ওমর ফারুক এবং তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকেও দেখা গেছে। সংবাদমাধ্যমকে ওমর ফারুক সভার বিষয়টি নিশ্চিত করলেও স্থান সম্পর্কে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান। রনজিত সরকার নিজেও সিলেটের এক সাংবাদিককে মেসেঞ্জারে বলেন, ‘কোনো তথ্য জানাতে পারব না। সভা শেষে সীমান্ত দিয়ে ভারতে ফিরেছি।’
এদিকে সভার স্থান নিয়ে সিলেট ও সুনামগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্যে চরম ভিন্নতা দেখা দিয়েছে। সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) এবিএম জাকির হোসেন দাবি করেন, সুনামগঞ্জের সীমান্ত এলাকা নিশ্ছিদ্র নিরাপত্তায় আছে। ওখান দিয়ে রনজিত সরকার ঢোকার কোনো সুযোগ নেই। ভিডিওতে দেখা যাওয়া সুনামগঞ্জের নেতাকর্মীদের সিলেটের কোনো একটি সীমান্ত এলাকায় জড়ো করে এই বৈঠক হতে পারে।
অন্যদিকে সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক এই দাবি নাকচ করে বলেন, সভাটি সিলেটের সীমান্ত এলাকায় হয়নি। এটি সুনামগঞ্জের সীমান্ত এলাকার কোনো একটি স্থানে হয়েছে। কারণ সভায় উপস্থিত ব্যক্তিরাও সুনামগঞ্জের বাসিন্দা।
পুলিশের এই পাল্টাপাল্টি দাবির বিপরীতে সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক জাকারিয়া কাদির জানান, সীমান্ত এলাকায় সব ধরনের খোঁজখবর নেওয়া হয়েছে। তবে এই ধরনের কোনো বৈঠক হওয়ার তথ্য বা প্রমাণ বিজিবির কাছে নেই।
সীমান্ত গলিয়ে সাবেক এক এমপির দেশে প্রবেশ, গোপন বৈঠক করে আবার নিরাপদে ফিরে যাওয়া এবং সভার স্থান নিয়ে দায়িত্বশীলদের ভিন্ন ভিন্ন বক্তব্যে ব্যাপক চাঞ্চল্য ও ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

