১৫ শিক্ষার্থীর চুল কেটে দেওয়া সেই শিক্ষককের বিরুদ্ধে ব্যবস্থা

নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলামকে অন্য বিদ্যালয়ে সংযুক্ত করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের এক আদেশে তাকে কোলার পালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জগদ্বীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংযুক্ত করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা অফিস এ আদেশ জারি করে। বদলগাছী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সুপারিশের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আদেশে বলা হয়েছে, ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত এ সংযুক্তির মেয়াদ থাকবে। নির্দেশনা অনুযায়ী, অভিযুক্ত শিক্ষককে ১১ নভেম্বর বিকেলের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলা হয়েছে। অন্যথায় ১২ নভেম্বর থেকে তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে।
এর আগে, গত শনিবার (৭ নভেম্বর) বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের কোলার পালশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ ও পঞ্চম শ্রেণির অন্তত ১৫ শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে কেটে দেওয়ার অভিযোগ ওঠে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলামের বিরুদ্ধে। এমনকি এক শিক্ষার্থীর ভ্রুর চুলও কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন অভিভাবকেরা। এ ঘটনায় শিক্ষার্থীরা বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ে।

