১০ বছরে বগুড়ায় কমেছে প্রায় ২ হাজার হেক্টর কৃষিজমি

২০২২ সালের জনশুমারি অনুযায়ী, বগুড়া সিটি করপোরেশন এলাকার স্থায়ী জনসংখ্যা প্রায় ৪ লাখ ৮৬ হাজার। তবে কর্মসংস্থান, শিক্ষা ও ব্যবসার প্রয়োজনে প্রতিদিন বাইরে থেকে বিপুলসংখ্যক মানুষ শহরে আসায় দিনে জনসংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যায় বলে ধারণা করা হয়। জনশুমারির তথ্যমতে, পৌর এলাকায় পাকা ও আধাপাকা বসতবাড়ির হোল্ডিং সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৪১২টি।
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এবং নগরায়ণ নিয়ে বিভিন্ন একাডেমিক গবেষণায় ব্যবহৃত স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে, গত ২০ বছরে বগুড়া শহরের কেন্দ্র থেকে ৫ থেকে ১০ কিলোমিটার এলাকার মধ্যে ইট-সিমেন্টের ভবন, সড়ক ও অন্যান্য কংক্রিট অবকাঠামোর বিস্তার ৬০ শতাংশের বেশি বেড়েছে। শহরের আশপাশে কৃষিজমি কিনে একতলা বা দোতলা বাড়ি নির্মাণের প্রবণতা বাড়ায় সংকুচিত হচ্ছে আবাদি জমি।
একসময় শহরের আশপাশের যেসব এলাকায় তিন ফসলি জমি ও প্রাকৃতিক জলাশয় ছিল, সেগুলোর অনেক জায়গায় এখন আবাসিক প্লট, বাণিজ্যিক প্রতিষ্ঠান, অটো রাইস মিল ও শিল্পকারখানা গড়ে উঠেছে। বিশেষ করে বাইপাস ও মহাসড়ক সংলগ্ন এলাকায় এসব স্থাপনার বিস্তার কৃষিজমির ওপর ব্যাপক চাপ সৃষ্টি করছে।
কৃষিজমির পরিমাণ কমে যাওয়ার নেতিবাচক প্রভাব পড়ছে অবশিষ্ট জমির ওপর। সীমিত জমিতে কাঙ্ক্ষিত উৎপাদন ধরে রাখতে কৃষকদের অতিরিক্ত সার ও সেচ ব্যবহার করতে হচ্ছে। এতে মাটির স্বাভাবিক গুণাগুণ নষ্ট হওয়ার পাশাপাশি ভূগর্ভস্থ পানির ওপর চাপ বাড়ছে। অন্যদিকে জমি হারিয়ে অনেক প্রান্তিক কৃষক বিকল্প জীবিকার খোঁজে শহরমুখী হচ্ছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপসহকারী কৃষি কর্মকর্তা ফরিদুর রহমান বলেন, কৃষিজমি কমে যাওয়ায় অবশিষ্ট জমিতে খাদ্যশস্যের উৎপাদন ধরে রাখতে অতিরিক্ত রাসায়নিক সার ও সেচের প্রয়োজন হচ্ছে। এতে মাটির স্বাভাবিক প্রাণশক্তি নষ্ট হচ্ছে এবং ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে।
তিনি আরও বলেন, দুই বা তিন ফসলি জমিতে আবাসন, ইটভাটা কিংবা পুকুর খনন বন্ধ করতে ‘কৃষিজমি সুরক্ষা আইন’ কঠোরভাবে প্রয়োগ করা প্রয়োজন। একই সঙ্গে একটি মাস্টারপ্ল্যানের মাধ্যমে কৃষি, আবাসিক ও বাণিজ্যিক এলাকার সীমানা সুনির্দিষ্টভাবে নির্ধারণ করতে হবে।
ফরিদুর রহমান বলেন, বগুড়ার কৃষিজমি রক্ষার বিষয়টি কেবল জেলার কৃষি উৎপাদনের ওপর নয়, বরং পুরো দেশের খাদ্যনিরাপত্তার সঙ্গে জড়িত। তাই অপরিকল্পিত নগরায়ণ নিয়ন্ত্রণ ও আবাদি জমি সংরক্ষণে সরকার ও স্থানীয় প্রশাসনকে দ্রুত সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে।

