বিদ্যালয়ের মাঠে শুকানো হচ্ছে মাছ, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে ৪৯ নম্বর নিজামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চিংড়ি মাছ শুকানো হচ্ছে। এমনকি বিদ্যালয় ভবনের নিচেই চলছে মাছ ধরার জাল মেরামতের কাজ। এতে মাছের তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে শিক্ষার্থীরা এবং ব্যাহত হচ্ছে স্বাভাবিক পাঠদান ও খেলাধুলা।
সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের মাঠজুড়ে চিংড়ি মাছ শুকানো হচ্ছে। পাশাপাশি ভবনের নিচে রাখা হয়েছে মাছ ধরার জাল, যেখানে চলছে মেরামতের কাজ। অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের জমিদাতা সিদ্দিক মুন্সীর ছত্রচ্ছায়ায় এসব কর্মকাণ্ড চলছে। এমনকি বিদ্যালয়ের গেটের তালা ভেঙে মাঠে গরু চরানোরও অভিযোগ উঠেছে।
এতে বিদ্যালয়ের পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি খেলাধুলা থেকেও বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাইশা আক্তার জানায়, মাছের দুর্গন্ধে শ্রেণিকক্ষে ঠিকমতো ক্লাস করা যায় না। অনেক সময় বমি আসার মতো পরিস্থিতি তৈরি হয়।

