কাঁচপুর বাস টার্মিনালের এক প্যাকেজেই প্রাক্কলিত ব্যয় বেড়েছে ৭০ শতাংশ

ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল নারায়ণগঞ্জের কাঁচপুরে সরিয়ে নেওয়ার সরকারের পরিকল্পনা দীর্ঘদিনের। এ লক্ষ্যে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। তবে এরই মধ্যে কাঁচপুর বাস টার্মিনাল প্রকল্পের প্রাক্কলিত ব্যয় বাড়ানো হয়েছে। একটি প্যাকেজে এই ব্যয় ৬ কোটি ৮৮ লাখ টাকা থেকে বাড়িয়ে ১১ কোটি ৬৮ লাখ টাকা করা হয়েছে। দুই অঙ্কের ব্যবধান ৪ কোটি ৮০ লাখ ২৭ হাজার টাকা, অর্থাৎ প্রায় ৭০ শতাংশ।
নৌবাহিনীর অধীন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) কাজ দেওয়ার প্রক্রিয়া বাতিল করে উন্মুক্ত দরপত্র ডাকার পর প্রাক্কলিত ব্যয়ের এই বৃদ্ধি ঘটে।
রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গত ১৫ জুন সচিবালয়ে উচ্চপর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সায়েদাবাদসহ ঢাকার চারটি প্রধান আন্তঃনগর বাস টার্মিনাল দ্রুত শহরের বাইরে স্থানান্তরের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ডিএসসিসি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নথি বলছে, এর পরদিন স্থানীয় সরকার বিভাগ করপোরেশনকে প্রয়োজনীয় নির্দেশনা পাঠায়।
কাঁচপুর টার্মিনালের নির্মাণকাজ তিনটি প্যাকেজে ভাগ করা। একটিতে শেড, টিকিট কাউন্টার, টয়লেট ও অফিস কক্ষসহ আনুষঙ্গিক স্থাপনা তৈরির কথা ছিল। এই কাজের জন্য প্রথমে ৬ কোটি ৮৮ লাখ টাকার প্রাক্কলন করা হয়।
এরপর সরাসরি ক্রয় পদ্ধতিতে, অর্থাৎ দরপত্র ছাড়াই নির্দিষ্ট প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার নিয়মে এটি সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়। সরকারি ক্রয় আইন, ২০০৬ ও সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর আলোকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চিটাগাং ড্রাই ডক লিমিটেডকে (সিডিডিএল) দিয়ে কাজটি করানোর প্রস্তাব তৈরি হয়। সেই সারসংক্ষেপ অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কাছে পাঠানো হয়। কমিটি গত ২৬ জুলাই এর প্রশাসনিক অনুমোদন দেয়।

অনুমোদনের পর সিটি করপোরেশন সিডিডিএলের সঙ্গে কয়েক দফা বৈঠক করে। শেষ পর্যন্ত তাদের সঙ্গে চুক্তি না করে সরাসরি ক্রয় প্রক্রিয়া বাতিল করা হয়। এর মধ্যে ২ সেপ্টেম্বর জরুরিভিত্তিতে একই কাজের জন্য ই-জিপির মাধ্যমে উন্মুক্ত দরপত্র (ওটিএম) ডাকা হয়। দরপত্র খোলা হয় তিন দিনের মধ্যে।
যাচাই-বাছাই শেষে ১৬ সেপ্টেম্বর ঠিকাদারি প্রতিষ্ঠান ইউডিসি কনস্ট্রাকশন লিমিটেডকে কাজ দেওয়ার নোটিশ দেওয়া হয়। ১২ দিন পর অর্থাৎ ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করে করপোরেশন। চুক্তি অনুযায়ী কাজ শেষ করার সময়সীমা ছিল ৮ অক্টোবর। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ হয়নি। ডিএসসিসির ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রাজিব খাদেম এশিয়া পোস্টকে জানিয়েছেন, এখনও কাজ চলছে।

