নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ ঘিরে মানিকগঞ্জে ৫১ আসামি দিয়ে দুই মামলা, গ্রেপ্তার ১

গ্রেপ্তার ব্যক্তির নাম মানিক ফকির (৪০)। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য। তাঁর বাড়ি উপজেলার বার্তা গ্রামে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১০ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনে সদর থানায় প্রথম মামলাটি করা হয়। এতে ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। মামলার বাদী জেলা যুবদলের সাবেক সদস্য রিয়াদ মোর্শেদ।
এ মামলায় জেলা ও পৌর ছাত্রলীগের (নিষিদ্ধ) পাঁচজন, জেলা ও উপজেলা যুবলীগের তিনজনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ১৭ নেতা-কর্মীর নাম রয়েছে। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮, ৯, ১০, ১২ ও ১৩ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইনের ৩(ক) ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলায় ঘটনার স্থান হিসেবে ৯ নভেম্বর সন্ধ্যা পৌনে ৭টায় মানিকগঞ্জ শহরের দক্ষিণ সেওতায় বিজয় মেলার মাঠের উত্তর-পূর্ব পাশের সড়কের কথা উল্লেখ করা হয়েছে।

