তিন দিন ধরে শূন্যরেখায় এক নারী, স্থানীয়দের দেওয়া বিস্কুট-পানি খেয়েই কাটছে দিন

এপারে বাংলাদেশ, ওপারে ভারত মাঝখানে আন্তর্জাতিক শূন্যরেখা। দুই পাশে পাহারায় রয়েছে সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। এর মাঝখানে খোলা আকাশের নিচে টানা তিন দিন ধরে অবস্থান করছেন এক নারী। কোথা থেকে এসেছেন কিংবা তার পরিচয় কী, তা এখনও নিশ্চিত করা যায়নি। দুই দেশের কোনোটিতেই প্রবেশ করতে না পেরে চরম মানবিক সংকটে পড়েছেন তিনি। স্থানীয় বাসিন্দাদের দেওয়া সামান্য বিস্কুট ও পানি খেয়েই কাটছে তার দিন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল পর্যন্ত জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তের শূন্যরেখায় ওই নারীকে অবস্থান করতে দেখা যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, তীব্র রোদ ও খোলা আকাশের নিচে কোনো ধরনের ছাউনি ছাড়াই অবস্থান করছেন ওই নারী। মাটিতে খড় বিছিয়ে তার ওপর দিন কাটাচ্ছেন তিনি। স্থানীয় নারীদের দেওয়া বিস্কুট ও পানি খেয়ে বেঁচে আছেন। একদিকে বিজিবি, অন্যদিকে বিএসএফের কড়া পাহারা এমন পরিস্থিতিতে মাঝখানে আটকে থাকা ওই নারীর অবস্থার দ্রুত মানবিক সমাধান দাবি করেছেন স্থানীয়রা।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর সকালে পাথরের চর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৭৬-এর কাছ দিয়ে প্রায় ৩০ বছর বয়সি ওই নারীকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে জামালপুর ৩৫ বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের কঠোর বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। এরপর থেকে ওই নারী আন্তর্জাতিক শূন্যরেখায় অবস্থান নেন। এর পর থেকে টানা তিন দিন ধরে তিনি সেখানেই খোলা আকাশের নিচে অবস্থান করছেন।
স্থানীয় বাসিন্দা আলতাফ বলেন, ওপাশে বিএসএফ আর এপাশে বিজিবি পাহারা দিচ্ছে। তিন দিন ধরে মহিলাটার কোনো খাবার-দাবার নেই। আমাদের এলাকার মহিলারা এগিয়ে এসে তাকে পানি ও বিস্কুট দিচ্ছেন; তা খেয়ে কি আর জীবন বাঁচে! একজন মানুষকে এমন কষ্ট দেওয়া অমানবিক। দুই দেশের পতাকা বৈঠক বা আলোচনার মাধ্যমে দ্রুত এই সমস্যার সমাধান করা হোক এটাই আমাদের অনুরোধ।

