এক বাসের ধাক্কায় ১০ গাড়ির সংঘর্ষ, এমপির বহরের চার গাড়ি ক্ষতিগ্রস্ত

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে ডলফিন পরিবহনের একটি বাসের ব্রেক বিকল হয়ে ট্রাকসহ ১০টি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অর্ধশতাধিক যাত্রী ও চালক আহত হয়েছেন। দুর্ঘটনায় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের চারটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া একটি ইজিবাইকও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অক্ষত রয়েছেন সংসদ সদস্য।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে আসা ডলফিন পরিবহনের একটি বাসের ব্রেক বিকল হয়ে প্রথমে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সংসদ সদস্য সেলিমুজ্জামানের গাড়িবহরে ধাক্কা দেয়। এতে বহরের কয়েকটি গাড়িসহ মোট ১০টি যানবাহন সংঘর্ষে জড়িয়ে পড়ে। একই ঘটনায় একটি ইজিবাইকও ক্ষতিগ্রস্ত হয়। এতে বিভিন্ন গাড়ির যাত্রী ও চালকসহ অর্ধশতাধিক মানুষ আহত হন।
আহতদের মধ্যে মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের বিএনপি নেতা ইলিয়াস কাজীর অবস্থা গুরুতর। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া গুরুতর আহত ২৫ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। অন্য আহত ব্যক্তিদেরও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার সময় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম ঢাকা থেকে তার নির্বাচনি এলাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। মুকসুদপুরে প্রবেশের সময় তার গাড়িবহর দুর্ঘটনার কবলে পড়ে। এতে বহরের চারটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও তিনি অক্ষত রয়েছেন।

