আত্রাইয়ে ‘হুজুরের’ ফুঁ দেওয়া পানির জন্য দলে দলে ছুটছে মানুষ

ট্রেনের অপেক্ষমাণ যাত্রী ফুলবাড়ীর জগদল গ্রামের সুবেদ রায় ও মনিকা বালা জানান, তাদের মানসিক ও শারীরিক প্রতিবন্ধী ছেলেকে সুস্থ করার জন্য আত্রাই হুজুরের কাছে পানিপড়া নিতে যাচ্ছেন। শুনেছেন হুজুরের পানিপড়া খেলে নাকি প্রতিবন্ধীরা ভালো হয়ে যাচ্ছে। এ জন্য ছেলেকে নিয়ে সেখানে যাচ্ছেন।

আমবাড়ি এলাকার বিন্যাকুঁড়ি গ্রামের আবুল হোসেন বলেন, তিনি দীর্ঘদিন থেকে পাইলস রোগে আক্রান্ত রয়েছেন। পাইলস থেকে ক্যানসারে আক্রান্ত হয়ে গেছেন। চিকিৎসা করেও সুস্থ হচ্ছেন না। এলাকার কয়েকজনের কাছে শুনেছেন আত্রাইয়ের হুজুরের পানিপড়া খেলে সব রোগ ভালো হয়ে যাচ্ছে। তাই তিনিও আত্রাইয়ের হুজুরের কাছে পানিপড়া নিতে যাচ্ছেন।
আদিবাসী গৃহবধূ রুপালী হাঁসদা বলেন, ‘চার বছর হলো বিয়ে হয়েছে। কিন্তু আমাদের সন্তান হচ্ছে না, তাই স্বামী-স্ত্রী আত্রাইয়ের হুজুরের কাছে পানিপড়া নিতে যাচ্ছি।’ তাঁদের বিশ্বাস হুজুরের পানিপড়া খেলে সন্তান হতে পারে।
শরীরে নানাবিধ রোগে আক্রান্ত স্থানীয় গৃহবধূ মর্জিনা বেগম বলেন, ‘দিনাজপুর ও রংপুর মেডিকেলের ডাক্তারদের কাছে চিকিৎসা করায়েও ভালো হচ্ছে না। প্রতিবেশীর কাছে আত্রাইয়ের হুজুরের কথা শুনছি। তার পানি পড়া খেয়ে দেখি যদি আল্লাহ রোগমুক্তি দেয়।’
স্টেশনে অপেক্ষমাণ নূর ইসলাম নামে এক ট্রেনযাত্রী বলেন, ‘ট্রেনের জন্য স্টেশনে এসে দেখি প্ল্যাটফর্মে অনেক মানুষের ভিড়। এতে স্বাভাবিকভাবে চলাচল করতে সমস্যা হচ্ছে। বিশেষ করে ট্রেন আসার সময় ওঠানামা করতে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হবে।’
এ বিষয়ে ফুলবাড়ী রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার আনন্দ চক্রবর্তী বলেন, ‘স্টেশনে বিপুলসংখ্যক মানুষের সমাগমের বিষয়টি আমাদের নজরে এসেছে। কিছুদিন থেকে এমন দৃশ্য চোখে পড়ছে। এদের অধিকাংশ লোকজনই আত্রাই যাবেন, সেখানকার এক হুজুরের কাছে পানিপড়া নিতে যান বলে জানিয়েছেন কয়েকজন।’
আনন্দ চক্রবর্তী আরও বলেন, ‘ফুলবাড়ী থেকে যেসব ট্রেন ঢাকা, খুলনা এবং রাজশাহী অভিমুখে যাচ্ছে তার সবগুলোতেই আত্রাইয়ের হুজুরের কাছে যাওয়ার বিপুলসংখ্যক লোকজন যাচ্ছেন। যেসব ট্রেন আত্রাই স্টেশনে দাঁড়ায় না, সেসব যাত্রী সান্তাহার অথবা নাটোরে নেমে বাস ও সিএনজিযোগে যাচ্ছেন বলেও শুনেছি।’

