বিএনপি কর্মীদের ওপর হামলা, আহত ৪

খাগড়াছড়ি সদর উপজেলার আলুটিলা পুনর্বাসন এলাকায় বিএনপির কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হয়েছেন দলটির নেতাকর্মীরা। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত দুজনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা মাটিরাঙ্গা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টার দিকে আলুটিলা পুনর্বাসন এলাকার একটি স্কুলের কাছে এ হামলার ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন—মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য প্রবীন্দ্র ত্রিপুরা ও মাটিরাঙ্গা পুনর্বাসন এলাকার কুলপাড়ার সুমন ত্রিপুরা।
হাসপাতালে চিকিৎসাধীন প্রবীন্দ্র ত্রিপুরা জানান, দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন কার্যক্রমের প্রতিবাদে দিনব্যাপী কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে আলুটিলা পুনর্বাসন এলাকায় স্কুলের কাছে তাদের পথ আটকে হামলা করা হয়। এ সময় ২০ থেকে ৩০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অন্ধকারে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। অন্ধকারের কারণে হামলাকারীদের কাউকে শনাক্ত করতে পারেননি বলে জানান তিনি।
খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুল ইসলাম সুমন বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগ যাতে কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে বিএনপির নেতাকর্মীরা দিনভর বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করেন। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে পরিকল্পিতভাবে তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করা হয়। এতে আমাদের নেতাকর্মীরা আহত হয়েছেন বলে তিনি দাবি করেন। তাদের মধ্যে দুজনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে এবং অন্যদের মাটিরাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

