সাত পেরিয়ে আটে মহিমা, বাবা আর মা তবু কেন আসে না

কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকার ভাড়া বাসায় পরিবারের সদস্যরা কেক কেটে মহিমার জন্মদিন উদ্যাপন করেছেন। বাইরে থেকে এটিকে একটি সাধারণ অনুষ্ঠানের মতো দেখালেও এই আয়োজনের আড়ালে জমে আছে বুকভরা কান্নার এক দীর্ঘ গল্প।
মহিমার দাদা ও নিহত সাংবাদিক দেবাশীষ দত্তের বাবা দিলীপ দত্ত জানান, পরিবারের সদস্যরা ঘরোয়া পরিবেশে মহিমার জন্মদিন পালন করেছেন। কিন্তু বাবা-মাকে হারানোর শোক এখনো শিশুটিকে তাড়া করে বেড়ায়। পরিবারের হারিয়ে যাওয়া সদস্যদের কথা মনে পড়লেই সে অঝোরে কাঁদে।
দাদা দিলীপ দত্ত বলেন, ‘সবচেয়ে হৃদয়বিদারক হলো, মহিমা এখনো তার বাবাকে খুঁজে বেড়ায়। আমার মোবাইল ফোন হাতে নিয়ে বাবার ব্যবহৃত পুরোনো নম্বরগুলোতে ফোন করে। কখনো পাঠায় মেসেজ। শিশুমনে হয়তো এখনো বেঁচে আছে একটুখানি আশা—হয়তো কোনো একদিন ওপাশ থেকে ফোনটি কেউ ধরবেন। হয়তো পরিচিত সেই বাবার কণ্ঠ বলে উঠবে—মহিমা, কেমন আছ?’
কিন্তু সেই ফোনের ওপাশে আর বাবার কণ্ঠ ফিরে আসে না। আসে না মায়ের স্নেহমাখা কোনো উত্তরও। তবুও মহিমা ফোন করে। সুযোগ পেলেই বারবার। বাবা যে আর ফোন ধরবেন না, এটি এখনো তার বোধগম্যের বাইরে।
দাদা হিসেবে দিলীপ দত্তের সামনে এখন এক কঠিন বাস্তবতা। নিজের সন্তানকে হারানোর শোক বুকে নিয়েই তাঁকে আগলে রাখতে হচ্ছে সেই সন্তানের রেখে যাওয়া ছোট্ট মেয়েকে; যার চোখ খুঁজে ফেরে তার বাবা আর মাকে।

