সার্জেন্টের অ্যাকাউন্টে ৫০ লাখ, উৎস অজানা

গত সোমবার দুপুরে আরএমপির ট্রাফিক অফিসে ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) আনোয়ার হোসেনের কক্ষে তাঁর সামনেই এই বক্তব্য দেন সার্জেন্ট সাবিহা আক্তার। পরদিন গত মঙ্গলবার রাত ৯টায় তিনি নগরের লক্ষ্মীপুর ঝাউতলা মোড়ে সাইফুল ইসলামের সঙ্গে দেখা করতে যান। একটি ডেন্টাল কেয়ারের সামনে সাইফুল ইসলামের মুখোমুখি বসে সাবিহাকে কথা বলতে দেখা যায়। তিনি তখন ইউনিফর্মেই ছিলেন।
সাবিহার ব্যাংক হিসাবে বড় অঙ্কের এই অর্থ স্থানান্তরের বিষয়ে জানতে চাইলে নিউরন নার্সিং কোচিং সেন্টারের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম প্রথমে কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন। পরে তাঁর এই অর্থের উৎস জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে সার্জেন্ট সাবিহা অন্য একজনের কাছ থেকে টাকাটা নিয়েছিল। কিন্তু সে সরাসরি তার কাছ থেকে টাকাটা নিতে চায়নি। এ জন্য ওই ব্যক্তি আমাকে নগদ টাকা দেয়। আমি সেটা আমার ব্যাংক হিসাবে নিয়ে সাবিহার হিসাবে ট্রান্সফার করে দিয়েছি। এখন উপকার করতে গিয়ে আমিই বিপদে।’
রহস্যজনক এই লেনদেন তদন্তের প্রয়োজন বলে মনে করছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) রাজশাহী জেলার সভাপতি আহমেদ সফিউদ্দিন। তিনি বলেন, ‘ট্রাফিক বিভাগে দুর্নীতি হয় এটা সবার জানা কথা। ওপর মহল থেকে নিচের মহল—সবাই কোনো না কোনোভাবে সুবিধাভোগী হয়। কাজেই আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ লেনদেন থাকলে তার তদন্ত হওয়া প্রয়োজন।’
জানতে চাইলে আরএমপির মুখপাত্র ও গোয়েন্দা শাখার (ডিবি) উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ‘কোনো প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব থেকে সার্জেন্ট সাবিহার ব্যক্তিগত হিসাবে টাকা এলে সেটি তার ব্যক্তিগত বিষয়। ট্রাফিক বিভাগের একজন প্রধান আছেন, তিনি বিষয়টি জানেন কি না তা আমার জানা নেই। তবে আমাদের কাছে কোনো অভিযোগ না এলে আমরা কারও ব্যক্তিগত ব্যাংক হিসাবের লেনদেন নিয়ে তদন্ত করি না।’

