ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নেত্রকোনা সীমান্তে বিজিবির বিশেষ টহলে নজরদারি

ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, নাশকতা, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে বিশেষ টহলের মাধ্যমে নজরদারি বৃদ্ধি করেছে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে বাড়ানো হয়েছে টহল। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার এবং সন্দেহজনক কোনো কর্মকাণ্ডের তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে কলমাকান্দা উপজেলা সীমান্ত এলাকা পাতলাবনে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী।
তিনি জানিয়েছেন, সীমান্তের স্পর্শকাতর স্থান চিহ্নিত করে টহল জোরদারের পাশাপাশি সিসি ক্যামেরা ও সার্চলাইট ক্যামেরা স্থাপন করা হয়েছে। রাতে থার্মাল পোর্টেবল স্যাটেলাইট প্রযুক্তি এবং প্রয়োজনে ড্রোনের মাধ্যমেও নজরদারি করা হচ্ছে।
বিজিবি অধিনায়ক বলেন, গত জুন মাসে বিএসএফ বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকায় পুশইনের চেষ্টা জোরদার করেছিল। নেত্রকোনা সীমান্তেও এমন তৎপরতা ছিল। তবে বিজিবির কঠোর টহল, স্থানীয় বাসিন্দাদের সতর্ক অবস্থান ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেওয়া পদক্ষেপের কারণে সীমান্ত দিয়ে বিএসএফ কোনো পুশইন করতে পারেনি।

