শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তের দাদা-দাদি পুলিশ হেফাজতে

বগুড়ার নারুলী এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ২২ বছর বয়সি এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত যুবকের দাদা ও দাদিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক রয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। পরে অভিযুক্তের দাদার বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। চিকিৎসার জন্য তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার বিকেল ৪টার দিকে শিশুটি নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে অভিযুক্ত রাহুলের দাদার বাড়িতে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। বিষয়টি জানাজানি হলে রাহুল পালিয়ে যান। পরে স্থানীয় বাসিন্দারা তার দাদি রহিমা বেগম বেলি (৬৫) ও দাদা লুৎফর রহমান লুদুকে (৭০) আটক করে পুলিশের হাতে তুলে দেন।
স্থানীয় বাসিন্দা তহমিনা আক্তার লিলি অভিযোগ করেন, ঘটনার বিচার চাইতে গেলে তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। বিভিন্ন সময় তাদের ভয়ভীতি দেখানো হয়েছে। এ বিষয়ে স্থানীয় সাবেক কাউন্সিলরের কাছে একাধিকবার অভিযোগ করেও প্রতিকার পাননি বলে দাবি করেন তিনি। বর্তমানে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
স্থানীয় বাসিন্দা ইলিয়াছ উদ্দিন বলেন, ছোট একটি শিশুর সঙ্গে এমন ঘটনা মেনে নেওয়ার মতো নয়। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। যারা জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

