আ.লীগ ফিরতে চাইলে জনগণকে সঙ্গে নিয়ে মাঠে থাকবে বিএনপি: গণপূর্তমন্ত্রী

আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফেরার চেষ্টা করলে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকবে বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। তিনি বলেছেন, আমরা পুলিশ কিংবা বিজিবির ওপর নির্ভর করব না, বিএনপি নিজেই মাঠে থাকবে। আমাদের শক্তি জনগণ।
শনিবার (১৪ নভেম্বর) রাত ৭টার দিকে কুমিল্লার বরুড়া উপজেলার ভাউকসার কেন্দ্রীয় ঈদগাহ মাঠসংলগ্ন স্থানে ভাউকসার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাকারিয়া তাহের সুমন বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে ফাঁসির আদেশ হলে তিনি আইন অনুযায়ী আপিল ও উচ্চ আদালতে যাওয়ার সুযোগ পাবেন। আইন অনুযায়ী চূড়ান্ত রায় হলে তা কার্যকর করা হবে।
দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন মন্ত্রী। ঢাকার বিভিন্ন স্থানে বাস ও ট্রাকে আগুন দেওয়ার ঘটনা এবং পোশাকশ্রমিকদের টাকা পাঠানোর বিষয়ে অভিযোগ তুলে তিনি বলেন, এসব ঘটনার পেছনে কারা রয়েছে, তা জনগণকে বুঝতে হবে।

