স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বিনিয়োগের লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। দেশের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও চিকিৎসাসেবা সহজলভ্য করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সিলেটে একাধিক বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে ক্যান্সার, কিডনি ও হৃদ্রোগে আক্রান্ত রোগীদের মধ্যে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সিলেট অঞ্চলের চিকিৎসাসেবা উন্নত ও সহজলভ্য করতে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মানোন্নয়নসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। হাসপাতালের অভ্যন্তরে নির্মাণাধীন ক্যান্সার হাসপাতাল ও কমপ্লেক্সের কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এটি চালু হলে আরও প্রায় ৪০০ থেকে ৪৫০ জন রোগী চিকিৎসাসেবা পাবেন।
তিনি জানান, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে ২৫০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতালের অনুমোদন দেওয়া হয়েছে। আগামী জানুয়ারিতে এর বহির্বিভাগ চালুর আশা করা হচ্ছে। একই বিশ্ববিদ্যালয়ের অধীনে ১ হাজার ২০০ শয্যার আরও একটি হাসপাতালের কাজ শুরু হয়েছে। এ ছাড়া আগামী বছরের বাজেটে শিশুদের জন্য ২০০ শয্যার একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।

