বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেন
বিজ্ঞাপন

যশোরে ৯ মাসে ৫০৭ মামলায় সাজা, যাবজ্জীবন ৫৪ জনের

নিজস্ব প্রতিবেদক১৪ নভেম্বর ২০২৬, ১১:০৫ পিএম
যশোরে ৯ মাসে ৫০৭ মামলায় সাজা, যাবজ্জীবন ৫৪ জনের

যশোরে চলতি বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) জেলার বিচারিক আদালতগুলোতে ৫০৭টি মামলায় আসামিদের সাজা হয়েছে। এর মধ্যে ৫৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সময়ে দেওয়ানি মামলা নিষ্পত্তির হার বেড়ে দাঁড়িয়েছে ১৫৫ দশমিক ৪ শতাংশে। এতে কমেছে বিচারাধীন মামলার সংখ্যাও।

শনিবার (১৪ নভেম্বর) যশোর জেলা ও দায়রা জজ আদালতের সভাকক্ষে অনুষ্ঠিত বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলনে উপস্থাপিত পরিসংখ্যানে এসব তথ্য উঠে আসে।

সিনিয়র জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুনের সভাপতিত্বে সম্মেলনে বিচার বিভাগের কার্যক্রম ও মামলার পরিসংখ্যান তুলে ধরে তথ্যচিত্র উপস্থাপন করেন সিভিল জজ তুহিনুল ইসলাম এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমনা পাল।

উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এক বছরে দায়রা আদালতে ৬২৫টি মামলায় আসামিদের সাজা হয়েছিল। ওই বছর ২৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। অন্যদিকে, ২০২৬ সালের প্রথম নয় মাসে দায়রা আদালতে ৪০০টি মামলায় সাজা হয়েছে। এ সময়ে যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন ২৬ জন।

মাদক মামলার নিষ্পত্তিতেও গতি বেড়েছে। ২০২৫ সালের পুরো বছরে মাদক মামলার ৫৮টি রায়ে আসামিদের সাজা হয়েছিল। এর মধ্যে ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বিপরীতে, চলতি বছরের প্রথম নয় মাসে মাদক মামলার ১০৭টি রায়ে সাজা হয়েছে। এসব মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন ২৮ জন।

দেওয়ানি মামলা নিষ্পত্তির পরিসংখ্যানেও উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে। ২০২৫ সালে এসব মামলার নিষ্পত্তির হার ছিল ৮৩ দশমিক ১ শতাংশ। ওই বছর ৭ হাজার ৩৫১টি মামলা দায়েরের বিপরীতে নিষ্পত্তি হয়েছিল ৬ হাজার ১০৭টি।

অন্যদিকে, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেওয়ানি আদালতে নতুন মামলা দায়ের হয়েছে ৪ হাজার ৩৯০টি। একই সময়ে নিষ্পত্তি হয়েছে ৬ হাজার ৮২২টি মামলা। অর্থাৎ, নতুন দায়ের হওয়া মামলার চেয়ে ২ হাজার ৪৩২টি বেশি মামলা নিষ্পত্তি হয়েছে। এতে নিষ্পত্তির হার বেড়ে দাঁড়িয়েছে ১৫৫ দশমিক ৪ শতাংশে। বর্তমানে দেওয়ানি আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৩০ হাজার ২১টি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...