সিডরের রাতে জন্ম, ১৯ বছরেও কাটেনি অভাব

সিডরের দাদি রেবেকা সরকার বলেন, অনেক মানুষ ও এনজিওর লোকজন এসেছেন। সহযোগিতার কথা বলেছেন, কিন্তু বেশির ভাগই কথা দিয়ে চলে গেছেন। প্রথম আলো থেকে কিছু টাকা ও দোকানের মালামাল দেওয়া হয়েছিল। পরে দোকানটি আর চালু রাখা সম্ভব হয়নি। একসময় একটি এনজিওর সহযোগিতায় পড়াশোনা করলেও পরে আর তা চালিয়ে যেতে পারিনি। আমার ছেলের একটি হাত অচল। সংসার চলে খুব কষ্টে। অভাবের কারণে নাতিটাকে পড়াতে পারিনি। এখন সে অসহায় অবস্থায় পড়ে আছে। কেউ একটু সহযোগিতা করলে হয়তো ছেলেটার ভবিষ্যৎ গড়ার একটা সুযোগ হতো।
প্রতিবেশী কল্পনা সরকার বলেন, সিডরের সৎমা তাকে নিজের সন্তানের মতোই ভালোবাসেন ও দেখাশোনা করেন। মা তাকে ছেড়ে যাওয়ার পর থেকেই আগলে রেখেছেন। কিন্তু পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়। তার বাবার একটি হাত ভাঙা, তেমন কাজও করতে পারেন না। সিডরও বেশি দূর পড়াশোনা করতে পারেনি। আগে কিছু কাজ করত, এখন সেটিও নেই। পরিবারটি খুব কষ্টে দিন কাটাচ্ছে।
প্রতিবেশী ডেবিট সরকার বলেন, সিডর তাদের পাড়া-প্রতিবেশী সম্পর্কে নাতি হয়। তার জন্মের পর অনেক এনজিও ও বিভিন্ন সংস্থার লোকজন এসেছেন। কেউ কেউ কিছুদিন সহযোগিতাও করেছেন। কিন্তু দীর্ঘমেয়াদি কোনো ব্যবস্থা হয়নি। তার বাবা অসুস্থ, মা ইপিজেডে চাকরি করেন। সিডর এখন বেকার ঘুরে বেড়ায়। পড়াশোনা বন্ধ, ভালো কোনো কাজও নেই। পরিবারটির পাশে দাঁড়ানো দরকার।
সিডরের চাচাতো ভাই জোহান সরকার বলেন, ছোটবেলা থেকেই সিডর পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় ভালো ছিল। বিশেষ করে ফুটবল খেলায় তার বেশ দক্ষতা ছিল। কিন্তু আর্থিক সংকটের কারণে পড়াশোনা ও খেলাধুলা কোনোটিই চালিয়ে যেতে পারেনি। এসএসসি পরীক্ষার ফরম পূরণের টাকা না থাকায় পরীক্ষা দেওয়া হয়নি। আগে একটি প্রতিষ্ঠানে চাকরি করলেও সেটি চলে যাওয়ায় এখন মাছ ধরার কাজে যুক্ত হয়েছে। সে ভালো কিছু করতে চায়, কিন্তু সুযোগের অভাবে পারছে না।
ঘূর্ণিঝড় সিডরের পর ২০০৮ সালে বিভিন্ন উদ্যোগে সিডরের পরিবারের বিধ্বস্ত বসতঘর নতুন করে নির্মাণ করে দেওয়া হয়েছিল। দেওয়া হয়েছিল দুটি খাট, সিডরের পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী। সংসার চালানোর জন্য বাড়ির পাশে একটি মুদিদোকানও করে দেওয়া হয়। সিডরের দাদা রণজিত সরকার ও বাবা জর্জি সরকার মিলে দোকানটি পরিচালনা করতেন। দোকানের আয় দিয়ে সংসারের দেনা শোধ করে ভালোই চলছিল তাদের দিন। কিন্তু পরবর্তী সময়ে ঘূর্ণিঝড় আইলায় আবারও ক্ষতিগ্রস্ত হয় পরিবারটির ঘরবাড়ি ও দোকান। পানিতে তলিয়ে যায় দোকানের মালামাল। পরে একটি বেসরকারি সংস্থা ঘরটি পুনর্নির্মাণ করে দিলেও সিডরের দাদা রণজিত সরকারের মৃত্যুর পর পুঁজির অভাবে দোকানটি আর চালু করা সম্ভব হয়নি।
প্রলয়ংকরী এক ঘূর্ণিঝড়ের রাতে জন্ম নেওয়া সিডর এখন নিজের ভাগ্য বদলানোর স্বপ্ন দেখছেন। ১৫ নভেম্বর তার ১৯তম জন্মদিন। অথচ এই জন্মদিনেও ছেলের জন্য সামান্য আয়োজন করার সামর্থ্য নেই পরিবারের। সিডরের চাওয়া, একটি ভালো কাজের সুযোগ, প্রয়োজনীয় সহযোগিতা আর পরিবারের মুখে হাসি ফোটানোর সামর্থ্য।

