অব্যবস্থাপনায় আকর্ষণ হারাচ্ছে ইকোপার্ক

পার্কটির নিরাপত্তা ও ব্যবস্থাপনার ক্ষেত্রেও রয়েছে নানা সমস্যা। এর মধ্যে অন্যতম বন্য হাতির বিচরণ। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, সীমানাপ্রাচীর না থাকায় প্রায়ই হাতি পার্কের ভেতরে ঢুকে দোকানপাট ও মালামাল নষ্ট করে। এতে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন। হাতির কারণে পর্যটকদের মধ্যেও আতঙ্ক তৈরি হচ্ছে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে পার্কটি ৬৫ লাখ টাকায় ইজারা দেওয়া হয়েছিল। তবে ২০২৬ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইজারা ও পরিচালনা নিয়ে জটিলতা দেখা দেয়। পরে ২৮ সেপ্টেম্বর দরপত্র আহ্বান করা হলেও কাঙ্ক্ষিত ইজারাদার পাওয়া যায়নি। এ কারণে ২ নভেম্বর পুনরায় দরপত্র আহ্বান করা হয়। ৮ নভেম্বর ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন। এবার দুজন ইজারাদার দরপত্র জমা দিয়েছেন। বর্তমানে তাঁদের কাগজপত্র যাচাই-বাছাই চলছে।
সর্বশেষ ইজারাদার মো. মজিবর রহমান চৌধুরী জানান, ৬৫ লাখ টাকায় ইজারা নিয়ে ১২ মাসে অর্ধেক টাকাও তুলতে পারেননি তিনি। তিনি বলেন, আগে দৈনিক ২০০ থেকে ৩০০ পর্যটকবাহী গাড়ি ইকোটিলায় আসত। বিশেষ করে শীত মৌসুমে প্রতিদিন দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহর থেকে শিক্ষাসফর ও বনভোজনে বিপুলসংখ্যক ভ্রমণপিপাসু এখানে বেড়াতে আসত। এখন ৩০-৪০টি গাড়িও আসে না।
দর্শনার্থী আবু সাঈদ বলেন, পার্কে নতুন কোনো বিনোদনসুবিধা নেই। পুরোনো স্থাপনাগুলোরও যথাযথ রক্ষণাবেক্ষণ হচ্ছে না। এর সঙ্গে হাতির বিচরণও পর্যটকদের আগ্রহ কমিয়ে দিয়েছে। ৫০ টাকা প্রবেশমূল্য দিয়ে পার্কে ঢুকে হতাশ হয়েই ফিরতে হয়।
মধুটিলা ইকোপার্কের রেঞ্জার আব্দুল করিম বলেন, আগের দরপত্রে কাগজপত্রের জটিলতাসহ বিভিন্ন কারণে কাঙ্ক্ষিত ইজারাদার পাওয়া যায়নি। এবার দুজন ইজারাদার দরপত্র জমা দিয়েছেন। তাঁদের কাগজপত্র যাচাই-বাছাই শেষে ইজারাদার চূড়ান্ত করা হবে।
ময়মনসিংহ বন বিভাগের শেরপুরের সহকারী বন সংরক্ষক সাদেকুল ইসলাম খান বলেন, পার্কে জনবলসংকট রয়েছে। কিছু স্থাপনা সংস্কার করা হয়েছে। সীমানাপ্রাচীর নির্মাণ, লেক খননসহ বিভিন্ন উন্নয়নকাজের জন্য খসড়া উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরির কাজ চলছে।

