প্রথমবার লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী, ৬ দাবি পূরণের অপেক্ষা

বুড়িমারী স্থলবন্দরে পাথর আমদানি ছাড়া তেমন কোনো পণ্যের ব্যবসা নেই। প্রথম দিকে ২০টির অধিক পণ্যের ব্যবসা থাকলেও নিষেধাজ্ঞায় অনেক পণ্যের আমদানি–রপ্তানি নেই দীর্ঘদিন। ফলে সম্ভাবনাময় এ বন্দরটিকেও পুরো কাজে লাগানো যাচ্ছে না। আগের মতো ব্যবসা-বাণিজ্যের প্রাণচাঞ্চল্য ফেরাতে প্রধানমন্ত্রীর ঘোষণার দিকে তাকিয়ে আছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে বন্দরের সঙ্গে যোগাযোগ রক্ষায় বুড়িমারী মহাসড়ক ও রেললাইন রয়েছে। মহাসড়কটি চার লেনে উন্নীতকরণের দাবি আর প্রতিশ্রুতি দীর্ঘদিনের।
রেললাইন থাকলেও বন্দরের পণ্য পরিবহনে নেই ট্রেন। একসময় অল্প খরচে পণ্যবাহী ট্রেনে বুড়িমারী স্থলবন্দরের পণ্য পরিবহন করা হতো। সেই পণ্যবাহী ট্রেন পুনরায় চালুর দাবি উঠেছে। এ ছাড়া বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি লালমনিরহাট থেকে যাত্রা না করে বুড়িমারী থেকে করবে—এমন ঘোষণা প্রধানমন্ত্রীর কাছ থেকে চান স্থানীয়রা।
ভুট্টা লালমনিরহাটের ব্র্যান্ডিং পণ্য হলেও ভুট্টাজাত কারখানা প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের। কৃষির উন্নতিকল্পে ভুট্টাজাত কারখানা তিস্তা চরাঞ্চলের জেলা লালমনিরহাটে করার প্রতিশ্রুতি দিলেও তা আলোর মুখ দেখেনি। স্বল্প মজুরির শ্রমিকখ্যাত চরাঞ্চলে শিল্পকারখানা প্রতিষ্ঠার দাবি তুলেছেন তিস্তাপাড়ের মানুষ।

