ইবির দুই কর্মকর্তাকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দুই কর্মকর্তাকে মারধর ও প্রশাসন ভবনের গোপনীয় শাখার একটি কক্ষের দরজা ভাঙচুরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। আজ বুধবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ ও সদস্যসচিব রাফিজ আহমেদের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
আহত দুই কর্মকর্তা হলেন বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখার উপরেজিস্ট্রার চন্দন কুমার দাস ও আইসিটি সেলের কম্পিউটার প্রোগ্রামার মেহেদী হাসান।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুপুরে বিক্ষোভ মিছিল করে শাখা ছাত্রদল। মিছিলটি ঝাল চত্বর থেকে শুরু হয়ে প্রশাসন ভবন প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী প্রশাসন ভবনে গিয়ে নিজ কক্ষে থাকা উপরেজিস্ট্রার চন্দন কুমার দাসকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। এতে তাঁর ঠোঁট কেটে যায় ও শার্ট ছিঁড়ে যায়।

