পীরগঞ্জে কাটা আমন ধানে আকভানের হানা, ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষক

কুমার গাড়ী গ্রামের কৃষক ফজলুর রহমান বলেন, ‘অগ্রহায়ণ মাসে প্রতি বছরই আমরা আমন ধান কেটে ঘরে তোলার প্রস্তুতি নিই। এবারও ধান পেকে যাওয়ায় কেটে শুকানোর জন্য রেখেছিলাম। কিন্তু ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃষ্টি হওয়ায় ধান ভিজে গেছে। ধান শুকানোর জন্য রোদ দরকার। এখন বৃষ্টি হলে ধান শুকানো যাচ্ছে না। আবার ভেজা ধান মাড়াই করাও সম্ভব হচ্ছে না। ধান নিয়ে আমরা খুব বিপদে আছি। সময়মতো ধান ঘরে তুলতে না পারলে খরচ বাড়বে, সেই সঙ্গে ফসলের ক্ষতির আশঙ্কাও রয়েছে।’
রংপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রোববার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এতে আমন ধান কাটার মৌসুমে কৃষকদের দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলায় মোট ৩২ হাজার ৮০০ হেক্টর চাষাবাদ করা জমি রয়েছে। চলতি মৌসুমে ২৫ হাজার ৫৯৫ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ করেছেন কৃষক।
পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ বলেন, ঘূর্ণিঝড় আকভানের তেমন কোনো প্রভাব আমাদের উপজেলায় নেই। তবে শুক্রবার সন্ধ্যা থেকে হালকা বৃষ্টি হচ্ছে। এ সময় অনেক কৃষক আমন ধান কেটে জমিতে রেখেছেন। বৃষ্টির কারণে কাটা ধান ভিজে গেলে তা নিয়ে কৃষকদের কিছুটা সমস্যা হতে পারে। ধান শুকানোর জন্য রোদ প্রয়োজন। তাই বৃষ্টি থেমে গেলে কৃষকদের দ্রুত ধান রোদে শুকিয়ে নিরাপদে ঘরে তোলার পরামর্শ দেওয়া হচ্ছে।

