অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে জেন-জি প্রজন্ম যে সাহসী ভূমিকা রেখেছে, তা জাতি আজীবন স্মরণ রাখবে। ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত মাত্র ২০-২১ দিনের আন্দোলনে তরুণেরা রাজপথে যে সাহস ও আত্মত্যাগের পরিচয় দিয়েছে, তা অনন্য। এ আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ সহযোদ্ধাকে হারাতে হয়েছে। প্রায় ৩০ হাজার তরুণ আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। আবু সাঈদ, মুগ্ধ ও আনাসের মতো তরুণদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না।
মন্ত্রী বলেন, এত মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত গণতান্ত্রিক অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হবে। যারা অপরাধের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে, গণতন্ত্র ও আইনের শাসনের পথ ধরেই এগিয়ে যাব। জেন-জি প্রজন্ম তাদের ক্ষত, স্বজন হারানোর বেদনা ও সহযোদ্ধাদের আত্মত্যাগ ভুলে যায়নি বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শিক্ষার্থীদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, বর্তমান প্রজন্ম মেধা, প্রজ্ঞা, সৃজনশীলতা ও পরিশ্রমের দিক থেকে আগের প্রজন্মের তুলনায় অনেক বেশি সমৃদ্ধ। এ ধরনের শিক্ষা বৃত্তি আয়োজনের উদ্দেশ্য শুধু কয়েকজন শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দেওয়া নয়; বরং পরবর্তী প্রজন্মকে লেখাপড়া, জ্ঞান, মেধা ও প্রজ্ঞা অর্জনে আরও বেশি উৎসাহিত করা।

