ঠাকুরগাঁও থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা

আকাশ পরিষ্কার থাকায় উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে দেখা মিলেছে হিমালয়ের দ্বিতীয় সর্বোচ্চ ও বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বত কাঞ্চনজঙ্ঘা। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ৬টার দিকে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বাজার থেকে দেখা মিলছে এই হিমালয় কন্যার।
লাহিড়ী বাজারের আনিস রহমান বলেন, প্রতি বছর দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। তবে এর আগের বছর কুয়াশার কারণে তেমন দেখা যায়নি। এবার ঠাকুরগাঁওয়ে হালকা শীত পড়ছে তাই আজকে বিকেলে দেখা গেল পাহাড়টি। আমার মতো অনেকে দেখছে। আমাদের আর কষ্ট করে পঞ্চগড় যেতে হবে না।
আব্দুর রহমান বলেন, প্রতি বছর পঞ্চগড় যাই এই মনোরম পাহাড়টি দেখতে। আজকে লাহিড়ী বাজার থেকে দেখলাম। মনে হয় পঞ্চগড় থেকে দেখছি। অপরূপ সৌন্দর্য মুগ্ধকর পাহাড়টি দেখতে ভালোই লাগছে।
২০১৩ সালে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের বুড়িরবাঁধ এলাকা থেকে কাঞ্চনজঙ্ঘা চূড়ার ছবি প্রথম ক্যামেরাবন্দি করেন ফটোগ্রাফার রেজাউল হাফিজ রাহী। এর আগে শুধু পঞ্চগড় থেকে বিশেষ এক সময়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যেত।
ফটোগ্রাফার রেজাউল হাফিজ রাহী বলেন, ২০১৩ সালে বুড়িরবাঁধ এলাকায় পাখির ছবি তুলতে গিয়ে প্রথম কাঞ্চনজঙ্ঘার সর্বোচ্চ চূড়ার ছবিটি ক্যামেরাবন্দি করি। এরপর তা ফেসবুকে পোস্ট করি। তারপর থেকেই মানুষ জেনেছে শুধু পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে নয়, ঠাকুরগাঁও থেকেও কাঞ্চনজঙ্ঘা চূড়া দেখা যায়। ভারতের সিকিম ও নেপালের সীমান্ত অঞ্চলে অবস্থিত এ পর্বতের চূড়া অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি পর্যন্ত প্রায় সাড়ে ৩ থেকে ৪ মাস পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে দেখা যায়। আজকেও দেখা গেছে। আকাশ পরিষ্কার থাকলে মাঝে মাঝে দেখার সৌভাগ্য হবে।

