ফেইসবুকে অবমাননাকর বক্তব্যের ৮ দিন পর গাইবান্ধায় শহীদ মিনার ভাঙচুর

গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে শহীদ মিনার ভাঙার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির প্রশিক্ষক মো. আহসান হাবীবের বিরুদ্ধে। এ ঘটনার মাত্র ৮ দিন আগে তিনি শহীদ মিনারের ওপর উঠে ফেসবুক লাইভে অবমাননাকর বক্তব্য দেন।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরের দিকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভেতরে অবস্থিত শহীদ মিনারটির ইটের অবকাঠামো ভাঙেন ওই শিক্ষক। পরে স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান।
এ ঘটনার পর থেকেই স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মাহবুবার রহমান এশিয়া পোস্টকে বলেন, অভিযুক্ত প্রশিক্ষক মোহাম্মদ আহসান হাবীব গত ১৮ অক্টোবর ফেসবুক লাইভে শহীদ মিনারের ওপর উঠে অবমাননাকর বক্তব্য ও লাথি মারেন, যার ভিডিও প্রমাণ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে রয়েছে। ঘটনায় দাপ্তরিক পরামর্শে একটি অভিযোগপত্র পাঠানোর পাশাপাশি গত ১৯ আগস্ট গাইবান্ধা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

