আসামিদের ‘জয় বাংলা’ স্লোগানে উত্তেজনা, আদালত চত্বরে হামলায় আহত পুলিশ

এজাহারে অভিযোগ করা হয়, পীরগঞ্জের ভাকুরা ধনীপাড়া গ্রামে আকতারুল ইসলামের বাড়িতে গোপন বৈঠক করে আসামিরা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার পরিকল্পনা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন আলামত জব্দ করে এবং দুজনকে গ্রেপ্তার করে।
মামলার এজাহারভুক্ত ২০ আসামির মধ্যে ১৭ জন উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন নিয়েছিলেন। মেয়াদ শেষে মঙ্গলবার তাঁরা আদালতে আত্মসমর্পণ করে নিয়মিত জামিনের আবেদন করেন।
শুনানিতে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন দাবি করেন, তাঁর মক্কেলরা ঘটনার সঙ্গে জড়িত নন। মামলায় প্রমাণ হিসেবে উল্লেখ করা ফেসবুকের ছবি ও স্ক্রিনশটে সুনির্দিষ্ট তারিখ বা তথ্য নেই। ছবিগুলো পুরোনো কিংবা এআই দিয়ে তৈরি বা পরিবর্তিত হয়ে থাকতে পারে বলেও দাবি করেন তিনি।
শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী জানান, তাঁরা পরবর্তী সময়ে উচ্চ আদালতে আইনি লড়াই চালিয়ে যাবেন।

