বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদতবার্ষিকী আজ

আজ ২৮ অক্টোবর। মহান মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বের জন্য সর্বকনিষ্ঠ বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত শহীদ সিপাহি হামিদুর রহমানের ৫৫তম শাহাদতবার্ষিকী। ১৯৭১ সালের এই দিনে মৌলভীবাজারের কমলগঞ্জের দলই সীমান্তে একটি বাঙ্কারে গ্রেনেড হামলা চালাতে গিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর গুলিতে তিনি শহীদ হন। তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোরদা খালিশপুর গ্রামের সন্তান ছিলেন।
জানা যায়, মাত্র ১৮ বছর বয়সে জীবন উৎসর্গ করা সিপাহি হামিদুর রহমান দেশের সাতজন বীরশ্রেষ্ঠর মধ্যে বয়সে সর্বকনিষ্ঠ। ১৯৭১ সালের অক্টোবর মাসের শেষদিকে কমলগঞ্জের দলই সীমান্ত এলাকায় তীব্র যুদ্ধ চলছিল। চারদিকে চা বাগান, মাঝখানে দলই সীমান্ত চৌকি। এই চৌকি থেকে দক্ষিণ-পূর্ব দিকে ভারতের ত্রিপুরা রাজ্যের কমলপুর শহরে ছিল মুক্তিবাহিনীর সাব-সেক্টর ক্যাম্প। প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ‘সি’ কোম্পানির হয়ে দলই সীমান্তের ফাঁড়ি দখল করার অভিযানে অংশ নেন হামিদুর রহমান।
সব প্রস্তুতি নিয়ে ২৮ অক্টোবর ভোররাতে লেফটেন্যান্ট কাইয়ুমের নেতৃত্বে পাকিস্তান সেনার ওপর চতুর্মুখী সাঁড়াশি আক্রমণ চালানো হয়। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ১২৫ জন মুক্তিযোদ্ধা এ অভিযানে অংশ নেন। ব্যাপক গোলাবর্ষণে শত্রুসেনাদের ক্যাম্পে আগুন ধরে যায়। শত্রু অবস্থানের কাছাকাছি পৌঁছানোর পর একটি মাইন বিস্ফোরিত হয়। ফাঁড়ির দক্ষিণ-পশ্চিম প্রান্ত থেকে পাকিস্তানি বাহিনীর মেশিনগান থেকে গুলিবর্ষণ করায় মুক্তিবাহিনী আর সামনে এগোতে পারছিল না। ফলে মেশিনগান পোস্টে গ্রেনেড হামলার সিদ্ধান্ত নেওয়া হয়।
গ্রেনেড ছোড়ার দায়িত্ব দেওয়া হয় সিপাহি হামিদুর রহমানকে। পাহাড়ি খালের মধ্য দিয়ে বুকে হেঁটে তিনি আক্রমণ শুরু করেন। তার ছোড়া দুটি গ্রেনেড সফলভাবে মেশিনগান পোস্টে আঘাত হানে, কিন্তু ঠিক তখনই তিনি গুলিবিদ্ধ হন। সেই অবস্থাতেই তিনি মেশিনগান পোস্টে গিয়ে সেখানকার দুই পাকিস্তানি সেনার সঙ্গে হাতাহাতি যুদ্ধে জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে পোস্টটি অকার্যকর করে দেন। এই সুযোগে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মুক্তিযোদ্ধারা সামনে এগিয়ে যান এবং পাকিস্তানি বাহিনীকে পরাস্ত করে সীমান্ত ফাঁড়িটি দখল করেন। কিন্তু বিজয়ের স্বাদ আস্বাদন করা হয়নি হামিদুর রহমানের; ফাঁড়ি দখলের পর মুক্তিযোদ্ধারা তার মৃতদেহ উদ্ধার করেন। পরে সীমান্তের অল্প দূরে ভারতের ত্রিপুরা রাজ্যের হাতিমেরছড়া গ্রামের একটি স্থানীয় পরিবারের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

