ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি অভিযোগ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণের আর মাত্র এক দিন বাকি। এর মধ্যেই নির্বাচনি
আচরণবিধি লঙ্ঘন, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং প্রিসাইডিং কর্মকর্তাদের তালিকা নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামী ও বিএনপির প্রার্থীরা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলামের কাছে পৃথকভাবে লিখিত ও মৌখিক অভিযোগ জানান জেলা জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন এবং বিএনপির প্রতিনিধিদল।
রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন বলেন, নির্বাচনি প্রচার শেষ হওয়ার পর ইএসডিও নামের একটি স্থানীয় এনজিওর কর্মকর্তাদের নিয়ে বৈঠক করা হয়েছে এবং সেখানে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য তাদের প্রভাবিত করা হয়েছে। প্রচার শেষ হওয়ার পর এ ধরনের ঘটনা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি অভিযোগ করেন, তালিকায় একটি নির্দিষ্ট দলের অনুসারীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ ছাড়া আখানগরের বলিতাপাড়ায় তাদের নির্বাচনি উঠান বৈঠকে বিএনপি সমর্থকদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটলেও কোনো বিচার পাননি দাবি করে তিনি বলেন, হামলা ও ভাঙচুর হলো আমাদের ওপর, আমাদের লোক আহত হলো, অথচ কোনো বিচার না পেয়ে উল্টো আমাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
নির্বাচন সুষ্ঠু হবে কি না এমন শঙ্কা প্রকাশ করে জামায়াত প্রার্থী বলেন, ঠাকুরগাঁও পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন কি না, তা ভোটের দিনের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নির্ভর করবে।
এ সময় জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মাওলানা আব্দুল হাকিম ও জেলা সহকারী কফিল উদ্দিনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

