শাশুড়িকে হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন

হবিগঞ্জের চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যানে নিয়ে শাশুড়ি জাহানারা বেগমকে হত্যার দায়ে জামাতা মো. অলিউর রহমান অলিকে (৪২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক কাকন দে এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামি অলিউর রহমান আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত অলিউর রহমান মাধবপুর উপজেলার তুলশীপুর (অলিপুর) গ্রামের মো. ইউনুছ আলীর ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ২৯ মে সকালে অলিউর রহমান তাঁর শাশুড়ি জাহানারা বেগমকে স্বর্ণালংকার কেনার কথা বলে বাড়ি থেকে নিয়ে যান। এরপর থেকে নিখোঁজ ছিলেন জাহানারা বেগম। পরে ১ জুন চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের ওয়াচ টাওয়ারের দক্ষিণ পাশে একটি বেতবাগান থেকে এক নারীর গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন পত্রিকায় প্রকাশিত খবর দেখে নিহতের ছেলে মো. মিজানুর রহমান মরদেহটি তাঁর মা জাহানারা বেগমের বলে শনাক্ত করেন।

