ঠাকুরগাঁও-১ আসনে চলছে ভোটগ্রহণ: কর্মকর্তাদের কার্ডে ছবি না থাকায় উদ্বিগ্ন দেলাওয়ার

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ চলছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোটের শুরুতে নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপি-সমর্থিত প্রার্থী মির্জা ফয়সল আমীন ও ১১-দলীয় ঐক্য সমর্থিত জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন। ফয়সল আমীন জয়ের ব্যাপারে ‘শতভাগ’ আশাবাদ ব্যক্ত করেছেন। অন্যদিকে, প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের পরিচয়পত্রে ছবি না থাকায় উদ্বেগ জানিয়েছেন দেলাওয়ার হোসেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। ১৮৫টি ভোটকেন্দ্রের ৯৮৯টি কক্ষে ভোট গ্রহণ হচ্ছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে মাঠে দায়িত্ব পালন করছেন ২১ প্লাটুন বিজিবি, ২ হাজার ২৭২ জন পুলিশ সদস্য ও ২ হাজার ৪০৫ জন আনসার সদস্য। এ ছাড়া নির্বাচনী আচরণবিধি ও অনিয়ম তদারকিতে রয়েছেন বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। চারজন বিদেশি পর্যবেক্ষকসহ মোট ১৭৭ জন পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করছেন।

