ব্যালটে আগাম সিল থেকে জাল ভোট—ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থীর যত অভিযোগ

দেলাওয়ার হোসেনের অভিযোগ, কয়েকটি কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তাদের কারও কারও পরিচয়পত্র ছিল না। আবার কারও পরিচয়পত্রে ছবি ছিল না। এতে তাঁরা নির্বাচন কমিশনের নিয়োগ করা কর্মকর্তা কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে বিএনপির লোকজন ভোট গ্রহণের দায়িত্বে রয়েছেন কি না, তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
ব্যালট পেপারে আগাম সিল মারার অভিযোগ তুলে জামায়াতের এই প্রার্থী বলেন, কয়েকটি কেন্দ্রে ২০ থেকে ২৫টি ব্যালট পেপারে আগেই সিল মেরে রাখা হয়েছিল। এতে ভোটারদের একাধিক ব্যালট পেপার দেওয়ার সুযোগ তৈরি হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে ভোটারদের দুই থেকে তিনটি ব্যালট পেপার দিয়ে সহযোগিতা করার অভিযোগও পেয়েছেন বলে দাবি করেন তিনি।
জাল ভোটের বিষয়ে দেলাওয়ার হোসেন বলেন, ভোট দিতে গিয়ে পাঁচ থেকে ছয়জন বিএনপির কর্মী ধরা পড়েছেন বলে জানতে পেরেছি। এ ছাড়া ধানের শীষ প্রতীকের টি-শার্ট ও গেঞ্জি পরে লোকজনকে ভোটকেন্দ্রে প্রবেশ করতে দেখা গেছে। বড় খোঁচাবাড়ি হাটের একটি কেন্দ্রে এমন ঘটনা দেখে অভিযোগ জানানোর পর সংশ্লিষ্ট ব্যক্তিদের কিছু সময় আটকে রেখে পরে ছেড়ে দেওয়া হয় বলেও দাবি করেন তিনি।

