১ নভেম্বর থেকে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম কাস্টম হাউসের কার্যক্রম

প্রথম ধাপে শুল্কায়ন সেকশন-৮(সি), ৮(ডি) এবং সাব-টিম-১২, ১৩, ১৪, ১৫ ও ১৬ গ্রুপের শুল্কায়নসহ অন্যান্য কাজ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হবে।
চট্টগ্রাম কাস্টম হাউসের জন্য দ্য চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) মালিকানাধীন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ১ লাখ ৫৬ হাজার ৬০০ বর্গফুট অফিস ও ৮ হাজার বর্গফুট গ্যারেজের জায়গা ভাড়ার চুক্তি হয়েছে।
চলতি বছরের ৫ মে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে চুক্তিটি সই হয়। চেম্বার প্রশাসক ও চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. মোতাহার হোসেন এবং চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ শফি উদ্দিন চুক্তিতে সই করেন।
চেম্বার প্রশাসক মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চেম্বারের সাবেক সভাপতি ও থাইল্যান্ডের অনারারি কনসাল আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম কাস্টমসের কমিশনার মোহাম্মদ শফি উদ্দিন, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার শেখ আবু ফয়সল মো. মুরাদ, সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম ও সাধারণ সম্পাদক শওকত আলী।

