অনুমতি ছাড়াই মেলার আয়োজন, প্রশাসনের অভিযানে পণ্ড

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে প্রশাসনের অনুমতি ছাড়াই কুটিরশিল্প ও বাণিজ্যমেলার আয়োজন করা হয়েছিল। মাঠে শতাধিক স্টল স্থাপন করে বিভিন্ন পণ্যসামগ্রী নিয়ে হাজির হন ব্যবসায়ীরা। আগামী ১ নভেম্বর মেলার উদ্বোধনের ঘোষণাও দেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত উপজেলা প্রশাসনের অভিযানে মেলার এই আয়োজন পণ্ড হয়ে যায়। এ সময় অনুমতি ছাড়া দোকান বসানোর দায়ে ১৩ ব্যবসায়ীকে মোট ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) সায়ীদ মোহাম্মদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করে বাহুবল মডেল থানা-পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস ধরে মিরপুরের একটি মাঠে কুটিরশিল্প ও বাণিজ্যমেলা আয়োজনের প্রস্তুতি চলছিল। গত ১৬ অক্টোবর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মেলা আয়োজনের অনুমতি দেওয়া হয়নি বলে আয়োজকদের জানিয়ে দেওয়া হয়েছিল। এরপরও আয়োজক কমিটি আগামী ১ নভেম্বর মেলার উদ্বোধনের ঘোষণা দেয়।

