বরিশাল পুলিশের প্রতিবেদন: ঘর ছাড়ছে কিশোর-কিশোরী

এদিকে গৌরনদীতে ১৪ বছরের এক কিশোর ১ অক্টোবর নিখোঁজ হয়। গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানান, ওই কিশোরকে বরিশাল নগরের একটি রেস্টুরেন্ট থেকে কাজ করা অবস্থায় উদ্ধার করা হয়েছে।
আগৈলঝাড়া, বাকেরগঞ্জ এবং গৌরনদীর শিশু-কিশোরদের মতো এ ধরনের নিখোঁজের ঘটনা বরিশাল বিভাগের বিভিন্ন উপজেলায় অহরহ ঘটছে। যা নিয়ে উদ্বিগ্ন পরিবার, এমনকি প্রশাসনও। বরিশাল রেঞ্জ পুলিশের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিভাগের ছয় জেলায় ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত নিখোঁজের সংখ্যা ১ হাজার ৬৮৯ জন। পুলিশ বিভাগ এই নিখোঁজের ২১টি কারণ দেখিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ১ হাজার ৭৮ জন ঘর ছেড়েছে প্রেমের টানে। এ ছাড়া অন্যান্য কারণও রয়েছে। এর মধ্যে ১৬৭ জন পরিবারের সঙ্গে মনোমালিন্য, ৭৫ জন মাদ্রাসার কঠোর নিয়মনীতি, ১৩২ জন মা-বাবার সঙ্গে অভিমান, ১৯ জন সোশ্যাল মিডিয়ায় অ্যাপসে আসক্ত এবং ১৭ জন পরকীয়ার ঘটনায় নিখোঁজ হয়।
জানতে চাইলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. সাদিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘৫ আগস্ট-পরবর্তী হিংস্র প্রবণতা বেড়েছে। তরুণ ও যুবক বয়সের ছেলেমেয়েদের ধারণা, তাঁরা সবকিছু পারেন, এ জন্য মব কালচার সৃস্টি হয়েছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে পারিবারিক সম্পর্ক জোরদার করতে হবে।’ এ ছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নও দরকার বলে মনে করেন ড. সাদিকুর।

