ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার টিকটক ভিডিওর মন্তব্য নিয়ে দুই তরুণের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার সোহাগপুর গ্রামের আবির হাটি ও নাকড় বাড়িএ দুই গোষ্ঠীর মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা গোষ্ঠীগত বিরোধে রূপ নেয়।
পরবর্তীতে এ বিরোধ মীমাংসার জন্য শনিবার সকালে আশুগঞ্জ বাজারে সালিশ বৈঠক বসে। সেখানে পুলিশের উপস্থিতিতে স্থানীয় নেতাদের মধ্যস্থতায় দুই পক্ষের বিরোধ নিস্পতি করা হয়েছিল। তবে বৈঠক শেষে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার সঙ্গে সঙ্গেই আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, শুক্রবারের ঘটনার সুরাহা করতে শনিবার সকালে পুলিশের উপস্থিতিতে সালিশ বৈঠক হয় এবং বিষয়টি মীমাংসা করা হয়েছিল। তবে সালিশ শেষে পুলিশ চলে যাওয়ার পরপরই আবারও দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

