আটকের ভয়ে নিষেধাজ্ঞার ২২ দিন সাগরে, ঘাটজুড়ে ইলিশের দুর্গন্ধ

সমুদ্রগামী ট্রলারের মাঝি নুর মোহাম্মদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। তবে সামরাজ মৎস্যঘাটের বেশ কয়েকজন আড়তদার বলেন, এসব মাছ সাগরের। ২২ দিন নিষেধাজ্ঞার মধ্যে জেলেরা সাগরে মাছ শিকার করেছেন।
সামরাজ মৎস্যঘাটের সভাপতি আজিজ বলেন, ‘প্রশাসনের উদাসীনতার কারণে কিছু জেলে সমুদ্রে গিয়ে মাছ শিকার করেছেন। এ ব্যাপারে প্রশাসনের আরও কঠোর হওয়া দরকার ছিল।’
নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর সাগরগামী ট্রলারগুলো ইলিশবোঝাই হয়ে ঘাটে ফিরে আসা কতটা সম্ভব—এমন প্রশ্নে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, ‘কিছু অসাধু জেলে গোপনে সমুদ্রে যেতে পারেন। আর ২২ দিনের নিষেধাজ্ঞায় সমুদ্রে নজরদারি করে কোস্ট গার্ড।’
এদিকে চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুর শহরের বড় স্টেশন মাছ বাজারে পচা ইলিশ বিক্রির জন্য সংরক্ষণ করায় এক মাছ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, অভিযানে পচা ইলিশ বিক্রির জন্য সংরক্ষণের অপরাধে ব্যবসায়ী মো. নজরুল ইসলামকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ পচা ইলিশ ধ্বংস করা হয়েছে।
এ দিকে ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই সংরক্ষণ নিশ্চিত করতে আজ শনিবার মধ্যরাত থেকে সাগর ও নদীতে কার্যকর হচ্ছে জাটকা আহরণে আট মাসের নিষেধাজ্ঞা। আগামী বছরের ৩০ জুন পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

