বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

সন্ধ্যার পর অকারণে বাইরে ঘুরলে শিক্ষার্থীদের গ্রেপ্তারের হুঁশিয়ারি ডিআইজির

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০১:২২ এএম
সন্ধ্যার পর অকারণে বাইরে ঘুরলে শিক্ষার্থীদের গ্রেপ্তারের হুঁশিয়ারি ডিআইজির

কক্সবাজারে সন্ধ্যার পর বিনা কারণে বাইরে ঘোরাফেরা করতে দেখা গেলে স্কুল-কলেজের শিক্ষার্থীদের আটক ও গ্রেপ্তার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল কুদ্দুছ চৌধুরী। একই সঙ্গে কিশোর অপরাধে জড়িতদের পাশাপাশি তাদের অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনার কথা জানিয়েছেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে জেলা পুলিশের আয়োজনে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে ‘নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও সামাজিক অপরাধ দমন’ শীর্ষক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেন, সন্ধ্যার পর স্কুল-কলেজের শিক্ষার্থীদের অকারণে বাইরে ঘোরাফেরা করতে দেখা গেলে তাদের আটক করা হবে। কারও বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার প্রমাণ বা আগের অপরাধের ইতিহাস পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ক্ষেত্রে অভিভাবকদের জবাবদিহির আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, যেসব ছেলেমেয়ের স্কুল-কলেজে পড়াশোনায় মনোযোগী থাকার কথা, তাদের অনেককে বিকেলে রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যায়। তারা শিস দেয়, অঙ্গভঙ্গি করে এবং হিন্দি গান বাজিয়ে বিরক্তিকর পরিবেশ তৈরি করে। এসব তরুণের এমন আচরণের পেছনে পারিবারিক শাসন ও নজরদারির অভাব রয়েছে কি না, তা অভিভাবকদের ভাবতে হবে।

ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, কিশোর গ্যাং বলতে কিছু থাকবে না। যারা এ ধরনের অপরাধে জড়িয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিকভাবে অপরাধ প্রতিরোধের ওপর গুরুত্ব দিয়ে ডিআইজি বলেন, কোনো এলাকায় কেউ অপরাধে জড়ালে সেটিকে শুধু তার একার দোষ হিসেবে দেখার সুযোগ নেই। পরিবার, প্রতিবেশী ও সমাজের সবার দায়িত্ব রয়েছে। ছাত্র ও তরুণদের চলাফেরা এবং কর্মকাণ্ডের খোঁজখবর রাখতে হবে। আশপাশে যৌতুকের জন্য নারী নির্যাতনের ঘটনা ঘটলে প্রতিবাদ জানাতে হবে।

তিনি বলেন, উন্নয়ন বলতে শুধু ইট-পাথর ও দালানকোঠার উন্নয়ন বোঝায় না, মানুষের মানসিকতারও উন্নয়ন করতে হবে। অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সবাইকে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল মাবুদ, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান ও জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম।

সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...