শিক্ষার্থীপ্রতি ৩৫ টাকায় মিড ডে মিল, কুপনে মিলবে পছন্দের খাবার

দিনাজপুরের বিরামপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মিড ডে মিলের খাবার বিতরণে চালু হয়েছে নতুন কুপন পদ্ধতি। এ পদ্ধতিতে প্রতিদিন ডিম ও কলার পাশাপাশি কুপন জমা দিয়ে নির্ধারিত দোকান থেকে নিজেদের পছন্দের খাবার নিতে পারবে শিশুরা। পরীক্ষামূলক এ প্রকল্পের আওতায় শিক্ষার্থীপ্রতি প্রতিদিন ৩৫ টাকা মূল্যের খাবার সরবরাহ করা হবে।
রোববার (১ নভেম্বর) দুপুরে বিরামপুর পৌর এলাকার শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পাইলট প্রকল্পের উদ্বোধন করা হয়। রংপুর বিভাগের একমাত্র নির্বাচিত বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠানটিতে এ কার্যক্রম শুরু হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিরামপুর উপজেলার ১১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মিড ডে মিল প্রকল্পের আওতায় রয়েছে। শিক্ষার্থীদের প্রতিদিনের খাবারে বৈচিত্র্য আনা এবং তাদের পছন্দকে গুরুত্ব দিতে নতুন এ কুপন পদ্ধতি চালু করা হয়েছে। দেশের আটটি বিভাগের আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে রংপুর বিভাগের জন্য নির্বাচিত হয়েছে শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
নতুন পদ্ধতিতে প্রতিদিন ডিম ও কলার পাশাপাশি শিক্ষার্থীরা কুপন জমা দিয়ে নির্ধারিত দোকান থেকে নিজেদের পছন্দ অনুযায়ী বনরুটি, কিশমিশ, বাদাম, ড্রাই কেক, খেজুর ও বিস্কুট নিতে পারবে। এ জন্য শিক্ষার্থীপ্রতি প্রতিদিন ৩৫ টাকা মূল্যের খাবার বরাদ্দ রাখা হয়েছে।

