চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে

এর আগে চলতি বছরের জুনে সরকারি জায়গা দখল নিয়ে প্রতিপক্ষের সঙ্গে প্রকাশ্যে গোলাগুলির ঘটনায় আলোচনায় আসেন বগা। ওই ঘটনার পর গত ৮ জুন তাঁকে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার করা হয়।
গত ২৯ সেপ্টেম্বর রাতে খুলশী থানার ওয়্যারলেস কলোনির তালতলা এলাকায় হৃদয় নামের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া কিশোরেরা একটি কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানা গেছে। এই গ্যাং পরিচালনায় বগার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। কিশোর হৃদয় হত্যা মামলায় পুলিশ বগাকে মূল পরিকল্পনাকারী (মাস্টারমাইন্ড) হিসেবে অভিযুক্ত করেছে।
গত ৬ অক্টোবর চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ভবনে বগার অবস্থানের তথ্য পেয়ে পুলিশের একটি দল ভবনটি ঘিরে ফেলে। অভিযোগ রয়েছে, ভবনের ভেতরে থাকা মেয়র শাহাদাত হোসেনের হস্তক্ষেপের পর বগাকে গ্রেপ্তার না করেই পুলিশ ফিরে যায়। এ ঘটনার পর বগাকে গ্রেপ্তারে অভিযান পরিচালনাকারী খুলশী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিমের সমালোচনা করেন মেয়র। এর কয়েক ঘণ্টা পর তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

