টিকটক করে স্কুলের ভাবর্মূতি ক্ষুণ্নের অভিযোগে ছাত্রীকে বহিষ্কার

টিকটক ভিডিও করে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে ফেনীর পরশুরাম উপজেলার বক্সমাহমুদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী বিবি কুলছুমাকে বহিষ্কার করেছে স্কুল কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩ নভেম্বর) স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারভীন আক্তার স্বাক্ষরিত এক নোটিশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিদ্যালয়ের নোটিশে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অত্র বিদ্যালয়ের দশম শ্রেণির মানবিক শাখার ছাত্রী বিবি কুলছুমার বিরুদ্ধে বিদ্যালয়ের শৃঙ্খলা ও আচরণ বিধি ভঙ্গের গুরুতর অভিযোগ প্রমাণিত হয়েছে। এ শিক্ষার্থী বিদ্যালয় চলাকালীন বিদ্যালয়ের নির্ধারিত পোশাক পরে এবং বিদ্যালয় প্রাঙ্গণের ভেতরে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘টিকটক’ এর জন্য আপত্তিকর ভিডিও এবং ছবি ধারণ করে পরবর্তীতে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়। যা বিদ্যালয়ের সুনাম, ভাবমূর্তি ও পবিত্রতা চরমভাবে ক্ষুণ্ন করেছে।
বিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির তদন্তে এবং শিক্ষার্থীর নিজস্ব স্বীকারোক্তিতে এই অপরাধটি সম্পূর্ণরূপে প্রমাণিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও এবং বিদ্যালয়ের আচরণ বিধি পরিপন্থি এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অতএব, বিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সুপারিশ এবং পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক, উক্ত শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হলো এবং তাকে বাধ্যতামূলক ছাড়পত্র প্রদান করা হলো।

