চুয়াডাঙ্গা শহরে শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে সিগারেটের দোকান, ধূমপানে জড়াচ্ছে শিক্ষার্থীরা

২০২৫ সালের ৩০ ডিসেম্বর জারি করা সংশোধনী অধ্যাদেশে যুক্ত হওয়া বিধানটি পরে ২০২৬ সালের ১০ এপ্রিল জাতীয় সংসদে পাস হওয়া ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬-এ বহাল রাখা হয়। আইনের ৬খ ধারার উপধারা (১)-এ শিক্ষাপ্রতিষ্ঠানের সীমানার ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।
একই ধারার উপধারা (৩) অনুযায়ী, এ বিধান লঙ্ঘন করলে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। দ্বিতীয়বার বা বারবার একই অপরাধ করলে পর্যায়ক্রমে দ্বিগুণ হারে জরিমানা দিতে হবে। সরকার বা স্থানীয় সরকার প্রতিষ্ঠান সাধারণ বা বিশেষ আদেশের মাধ্যমে নিষিদ্ধ এলাকার পরিধি বাড়াতে পারবে।
আইনের ৬ক ধারার উপধারা (১) অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী কোনো ব্যক্তির কাছে তামাকজাত দ্রব্য বিক্রি করা যাবে না। অপ্রাপ্তবয়স্ক কাউকে তামাকজাত দ্রব্যের বিপণন বা বিতরণের কাজেও নিয়োগ করা নিষিদ্ধ। এ বিধান অমান্য করলে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা এবং পুনরাবৃত্তির ক্ষেত্রে দ্বিগুণ হারে জরিমানার বিধান রয়েছে।
আইনের ৪ ধারায় শিক্ষাপ্রতিষ্ঠানসহ পাবলিক প্লেসে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এ বিধান লঙ্ঘন করলে সর্বোচ্চ দুই হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। সংশোধিত সংজ্ঞা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও রেস্তোরাঁ, খাবারের দোকান ও কফি হাউস পাবলিক প্লেসের অন্তর্ভুক্ত।

