সদস্যপদ স্থগিতের বিষয়ে যা বললেন তিশা ও অথৈ

ফেসবুক লাইভে এসে ভিডিও বার্তা না দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন তিশা, তবে তাঁর দাবি, শিল্পী সংঘ তাঁকে ধন্যবাদ জানিয়ে বার্তা দিতে বলেছিলেন, ক্ষমা চেয়ে নয়। তানজিন তিশা বলেন, ‘যে নাটকের শুটিংয়ের সময়ে এই ঘটনা ঘটেছে, সেই নাটকে আমি পাগলের চরিত্রে অভিনয় করেছি। দৃশ্যটি দেখলেই বুঝবেন, কে আসলে ইম্প্রোভাইজ করেছে। নির্যাতনের যে দাবি করা হয়েছে, সেটাও আপনারা বুঝতে পারবেন। অভিনয়শিল্পী সংঘের সম্মানিত ব্যক্তিরা বিচারক হিসেবে ছিলেন। প্রায় পাঁচ ঘণ্টা বসে পুরো ঘটনা নিয়ে আলোচনা হয়েছে। কেন, কী ঘটেছে, সবকিছু শোনা হয়েছে। সেই বৈঠকের নোটিশও আমার কাছে আছে, লিখিতভাবে আছে। সেখানে উল্লেখ করা আছে, ওই মেয়েকে ক্ষমাপ্রার্থী হয়ে একটা ভিডিও দিতে হবে। সেই আলোচনায় আমাকেও একটা ভিডিও বার্তা দিতে বলা হয়েছে অভিনয়শিল্পীকে ধন্যবাদ জানিয়ে, সুষ্ঠু সমাধানের জন্য। কিন্তু সেই মেয়ে ভিডিওটি দেয়নি। আমিও একটা ভুল করেছি, আমারও ভিডিওটি করা হয়নি।’

